গডফাদার ধরতে গোয়েন্দা নিয়োগ
জেলা পর্যায়ের কথিত গডফাদার শনাক্ত করতে এবং আইনের আওতায় আনতে ২২ জেলায় গোয়েন্দা কর্মকর্তা নিয়োগ দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয় ‘ডে কেয়ার সেন্টার’ উদ্বোধনকালে সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা জানান।
দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ২২ জন গোয়েন্দা কর্মকর্তা নিয়োগ দিতে যাচ্ছি। এই কর্মকর্তাদের দায়িত্ব হবে জেলায়-জেলায় কারা গডফাদার, কারা সন্ত্রাস করে বিপুল অর্থের মালিক হচ্ছেন, কারা জ্ঞাত আয় বহির্ভূত অর্থ উপার্জন করছেন, তাদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য নেয়া। যার ভিত্তিতে আমাদের প্রধান কার্যালয় থেকে দ্রুত আইনি ব্যবস্থা নেব।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গডফাদার বলতে আমরা বোঝাচ্ছি, যারা মাদকের ব্যবসা করছেন, সন্ত্রাস করছেন, যারা সরকারি সম্পত্তি বেদখল করছেন, অবৈধ সম্পদের মালিক হচ্ছেন তাদের বিরুদ্ধেই আজকের কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কঠোর অবস্থানে আছি এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শুধু মেট্রোপলিটন কেন্দ্রীক নয়, আমরা চাই, মাঠ পর্যায়ে ব্যবস্থা নিতে।’
এসময় কমিশনের দুই কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক খান (অনুসন্ধান) ও এ এফ এম আমিনুল ইসলামসহ (তদন্ত) কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

