শ্রীমঙ্গলে শিকারির বাড়ি থেকে ৬ টি বিপন্ন পাখি উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সরকারবাজার এলাকার চিহ্নিত শিকারী কবিরাজ জাহাঙ্গীরের বাড়ি থেকে ৬ টি বিপন্ন পাখি উদ্ধার করা হয়েছে।
এদের মধ্যে ২টি বিপন্ন ডাহুক, ৩টি ঘুঘু এবং একটি শালিক পাখি উদ্ধার করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশের সহায়তায় জীববৈচিত্র সংরক্ষণ ফাউন্ডেশনের অভিযানে এই পাখিগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সূত্রে “জীববৈচিত্র সংরক্ষণ ফাউন্ডেশন” টিমের কাছে খবর আসে সরকারবাজার রাজপাড়া এলাকার কবিরাজ চিহ্নিত পাখি শিকারী জাহাঙ্গীরের বাড়িতে শিকার করা প্রচুর পাখি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতেই শ্রীমঙ্গল থানা পুলিশের সহায়তায় ঐ শিকারীর বাড়ি থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।
শিকারী জাহাঙ্গীরকে স্থানীয় ইউপি সদস্যসের উপস্থিতিতে আর কোনোদিন পাখি শিকার করবে না মর্মে জিম্মানামায় স্বাক্ষর নিয়ে প্রথমবারের মতো ছেড়ে দেয়া হয়।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন জীববৈচিত্র সংরক্ষণ ফাউন্ডেশনের সভাপতি হৃদয় দেবনাথ ছাড়াও সংগঠনের সদস্য সংবাদকর্মী পঙ্কজ কুমার নাগ,বরূপক দত্ত, রিমন ইসলাম ও সুভাষ দাস তপন এবং শ্রীমঙ্গল থানার এস আই নয়ন কারকুন এর নেতৃত্বে পুলিশের একটি টিম ।
জীববৈচিত্র সংরক্ষণ ফাউন্ডেশনের সভাপতি হৃদয় দেবনাথ বলেন, উদ্ধারের পর পরই আজ হাওর এলাকায় ৩টি পাখি অবমুক্ত করা হয়েছে। বাকি তিনটি পাখির ডানা কেটে ফেলায় আপাতত পাখি প্রেমী সোহেল শ্যাম এর তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ হলে দ্রুতই তাদের মুক্ত করে দেয়া হবে বলে জানান তিনি।
তিনি সবার প্রতি অনুরোধ করেন, প্রাণ-প্রকৃতি রক্ষায় ‘”জীববৈচিত্র সংরক্ষণ ফাউন্ডেশন'” টিমকে খবর দিন। প্রাণ-প্রকৃতি রক্ষায় আমরা শত ঝুঁকি নিয়েও কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরোও বলেন, যেখানেই পাখি শিকার হবে, প্রকৃতির উপর আঘাত আসবে। এরকম খবর পেলে তাৎক্ষণিক ”জীববৈচিত্র সংরক্ষণ ফাউন্ডেশন” টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে।
এ বিষয়ে প্রাণ প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, জীববৈচিত্র সংরক্ষণ ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক হৃদয় দেবনাথ আমাকে অবহিত করেছিল কিন্তু লাউয়াছড়াতে একটি অভিযান থাকায় আমি যেতে পারিনি।
তিনি তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, এ মহামারী করোনার ঝুঁকির মধ্যেও তার নেতৃত্বে জীববৈচিত্র সংরক্ষণ ফাউন্ডেশন টিমের প্রতিটি সদস্য একের পর এক সফল অভিযান চালিয়ে যাচ্ছেন যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
পাশাপাশি জীববৈচিত্র সংরক্ষণ ফাউন্ডেশের প্রতিটি কাজে আমরা বনবিভাগ সবসময় ছিলাম এবং আছি ।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ
