মৌলভীবাজারে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মৌলভীবাজারে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)-এর উদ্যোগে দিনব্যাপী এক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমে আগ্রহী তরুণদের পেশাগত দক্ষতা উন্নয়নে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়।
শনিবার (২৯ আগস্ট) মৌলভীবাজার জেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়। সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্রভাবে পরিচালিত এই উদ্যোগে তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা এবং আন্তর্জাতিক সম্প্রচার সাংবাদিকতার মানদণ্ড সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার এবং বিবিসির সাবেক সিনিয়র সাংবাদিক আকবর হোসেন। আন্তর্জাতিক সম্প্রচার ও প্রিন্ট মিডিয়ায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি, তথ্যের উৎস যাচাই এবং আধুনিক নিউজরুমের সম্পাদকীয় নীতিমালার যথাযথ প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক ধারণা দেন।
কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ছাড়াও সাংবাদিকতায় আগ্রহী তরুণরা অংশ নেন। পরিবর্তনশীল গণমাধ্যম পরিস্থিতিতে জনস্বার্থমূলক সাংবাদিকতা, সংবাদের কাঠামো তৈরি এবং সম্পাদকীয় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়।
প্রশিক্ষণ পরবর্তী সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান । পেশাগত উৎকর্ষ সাধনে সাংবাদিকদের এই আগ্রহের প্রশংসা করে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে জনস্বার্থ রক্ষা ও উন্নয়নে প্রশিক্ষিত ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অপরিসীম।
সিএমএফ সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান এবং যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি দৈনিক ‘দ্য ড্যাজলিং ডন’-এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক মুনজের আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিএমএফের সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী সুমন ও সাবেক সহ-সভাপতি আশরাফ আলী। বক্তারা জেলার গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য ও নিরবচ্ছিন্ন দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
