রাজনগরে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিলেন এমপি নাসের রহমান

দেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মৌলভীবাজারের রাজনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি রাজনগর বাজার অতিক্রম করে কলেজ পয়েন্টে এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বলেন, দেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে। সারা দেশে ককটেল বোমা বিস্ফোরণ ও বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করে শেখ হাসিনা এ দেশে ফিরতে পারবেন না। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে এক মাসের মধ্যেই তাঁর ফাঁসির কার্যক্রম বাস্তবায়িত হবে।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে নাসের রহমান বলেন, বিএনপির কোনো নেতাকর্মী আওয়ামী লীগের কারও সঙ্গে যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি ডিসেম্বর মাসজুড়ে নেতাকর্মীদের সতর্ক থেকে দলীয় কর্মসূচি পালনের নির্দেশনা দেন তিনি।

রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূর, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকশী মিছবাহুর রহমান ও হেলু মিয়া, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী এবং মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. এ. মুহিতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও সংবাদ