নিরাপদে প্রস্থানের সিগনাল পেয়েই জনসভা করেছিলেন রঞ্জিত!

সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত সরকারকে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে সভা আয়োজন এবং নির্বিঘ্নে সেখান থেকে সরে যাওয়ার ক্ষেত্রে স্থানীয় পুলিশ প্রশাসনের একটি অংশের সহযোগিতা ছিল বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়লের সঙ্গে রনজিত সরকারের নিয়মিত যোগাযোগ এবং জনসভা শেষে তাকে নিরাপদে প্রস্থান করার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা চলছে। একটি সূত্রের দাবি, ওসিকে নিজের এলাকার ‘ছোট ভাই’ হিসেবে বিবেচনা করেন রনজিত সরকার। সেই সম্পর্ক ও যোগাযোগের সূত্র ধরেই রাতারগুলে সভা আয়োজন এবং নির্বিঘ্নে সরে যাওয়ার বিষয়ে আশ্বস্ত হয়েছিলেন তিনি। যদিও এ অভিযোগ অস্বীকার করেন মো. ওমর ফারুক মোড়ল। তবে সভাস্থল শনাক্ত হওয়ার পর ওসির আগের বক্তব্য, পরবর্তী অভিযান এবং রনজিতের দেশে প্রবেশ ও প্রস্থানের রহস্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

ঘটনার সূত্রপাত গত ৮ নভেম্বর। ওই দিন সন্ধ্যার পর সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল সোয়াম ফরেস্ট সংলগ্ন ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ সভা করেন রনজিত সরকার। সুনামগঞ্জ-১ আসনের সাবেক এই সংসদ সদস্য ভারতের মেঘালয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের নিয়ে সভা করেন। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সভার ৫ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন রনজিত। ভিডিওতে তাকে মঞ্চে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। পেছনে টানানো ব্যানারে শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভার কথা উল্লেখ ছিল। আয়োজক হিসেবে সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নাম দেওয়া হয়।

প্রথমদিকে সভার স্থান নিয়ে সিলেট ও সুনামগঞ্জের পুলিশ প্রশাসনের মধ্যে এক ধরনের ঠেলাঠেলি শুরু হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন দাবি করেন, তাদের সীমান্ত দিয়ে রনজিত সরকারের বাংলাদেশে প্রবেশের সুযোগ নেই। সভাটি সিলেটের সীমান্তবর্তী কোনো এলাকায় হয়ে থাকতে পারে। অন্যদিকে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের বক্তব্য ছিল ভিন্ন। তার দাবি ছিল, সভাটি সিলেটের সীমান্ত এলাকায় হয়নি, হয়েছে সুনামগঞ্জের সীমান্তবর্তী কোনো স্থানে। সুনামগঞ্জ ২৮ বিজিবিও জানায়, তাদের সীমান্তে এ ধরনের কোনো সভার তথ্য পাওয়া যায়নি। ফলে একজন সাবেক সংসদ সদস্য সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করে প্রকাশ্য সভা করলেও সংশ্লিষ্ট প্রশাসনের কেউই প্রথমদিকে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

পরিস্থিতির পরিবর্তন ঘটে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে। সভার ভিডিওতে উপস্থিত তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান ওরফে তারা মিয়াকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে আটক করে পুলিশ। ভিডিও বিশ্লেষণ ও মুঠোফোনের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে গোয়াইনঘাটের রাতারগুলে যায়। এরপরই বেরিয়ে আসে সভার প্রকৃত স্থান। সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় জানান, রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ রনজিত সরকার সভা করেছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রিসোর্টটি ভাড়া নেন। প্রথমে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে আওয়ামী লীগের ব্যানার প্রদর্শন করে রনজিত সরকার বক্তব্য দেন। সভায় প্রায় ১৭৫ জনের উপস্থিতি ছিলেন। রিসোর্ট ভাড়া নেওয়ার সঙ্গে জামালগঞ্জের আইনজীবী রোকন মিয়ার নাম উঠে এসেছে। অর্থাৎ রাজনৈতিক সভার আয়োজনটি আড়াল করতে শিক্ষা সফরের পরিচয় ব্যবহার করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে।

তবে এই আয়োজনের পেছনে কারা ছিলেন, কারা রনজিত সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিলেন এবং স্থানীয়ভাবে তাকে কারা সহযোগিতা করেছিলেন, সেসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। বিশেষ করে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়লের ভূমিকা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সভার স্থান শনাক্ত হওয়ার আগেই বিভিন্ন গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, রাতারগুলে এ ধরনের কর্মসূচির বিষয়ে পুলিশ নিশ্চিত নয়। বলেছিলেন, ‘রাতারগুলে প্রোগ্রাম হওয়ার বিষয়ে আমরা কনফার্ম না।’ অথচ পরদিন মঙ্গলবার রাতে তার নেতৃত্বেই আলোচিত রিসোর্টে অভিযান চালানো হয়। অভিযানকালে বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয় এবং রিসোর্টটিতে তালা দেওয়া হয়। বুধবার সকালে রিসোর্টের ফটকে তালা ঝুলতে দেখা যায়। প্রশ্ন উঠে, রাতারগুল তার থানার আওতাধীন এলাকা হওয়া সত্ত্বেও এত বড় আয়োজন সম্পর্কে স্থানীয় পুলিশ আগে থেকে কিছুই জানত না, নাকি জানার পরও বিষয়টি আড়ালে রাখার চেষ্টা হয়েছিল? এখানে রনজিত সরকারের সঙ্গে ওসি ওমর ফারুকের ব্যক্তিগত ও আঞ্চলিক যোগাযোগের বিষয়টিও সামনে আসছে। রনজিত সরকারের বাড়ি সুনামগঞ্জে। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন অধিকারীর বাড়িও সুনামগঞ্জে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে ওসি ওমর ফারুক মোড়লের বাড়ি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায়, যা রনজিত সরকারের নিজ নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। স্থানীয় রাজনৈতিক মহলের কয়েকজনের মতে, নিজ নির্বাচনী এলাকার বাইরে সিলেটের রাতারগুলকে সভাস্থল হিসেবে বেছে নেওয়ার পেছনে এই পরিচিতির বিষয়টি বিবেচনায় থাকতে পারে। তাদের ধারণা, সুনামগঞ্জের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি এবং গোয়াইনঘাট থানার ওসির সঙ্গে যোগাযোগের কারণে রাতারগুলকে তুলনামূলক নিরাপদ মনে করেছিলেন রনজিত সরকার। যদিও গণমাধ্যমকে এই দাবি অস্বীকার করেন ওসি ওমর ফারুক। তিনি বলেন, তার সাথে রঞ্জিত সরকারের কোনো সম্পর্ক নেই। তিনি সভার আগে জানতেনও না সেখানে তারা জনসভা করবে।

পুলিশের একটি সূত্র জানায়, এ ঘটনার পর বুধবার দুপুরে সিলেট জেলা পুলিশের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের গোয়েন্দা নজরদারি দুর্বল দিকগুলোর পাশাপাশি গোয়াইনঘাট থানা পুলিশের বিষয়টিও আলোচনা করা হয়। সভায় জেলা পুলিশের শীর্ষ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এদিকে সভা করার পর লন্ডনের বাংলাভাষী একটি গণমাধ্যমকে রঞ্জিত সরকার নিজেই করেন, ভারতের মেঘালয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে সভা শেষে আবার তিনি ভারতে ফিরে গেছেন। স্থানীয় একটি সূত্রের দাবি, গোয়াইনঘাটের প্রতাপপুর এলাকার লামাপুঞ্জি সীমান্ত দিয়ে তিনি দেশে প্রবেশ করেন। পরবর্তীতে সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরে যাওয়ার তথ্যও ছড়িয়ে দেয়া হয়। একটি সূত্রের ভাষ্য, রনজিত সরকার এখনো বাংলাদেশেই অবস্থান করছেন। তবে সিলেটে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে তাকে খুঁজতে ব্যস্ত হয়ে না পড়ে, সে কৌশল হিসেবেই ভারতে ফিরে যাওয়ার তথ্য ছড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে। তবে তাঁর বর্তমান অবস্থান সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে রিসোর্টটির মালিক সোহেল আহমদকে ঘিরেও তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে, সভার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে সোহেল আত্মগোপনে রয়েছেন। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, সোহেলের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিসংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগ রয়েছে। রিসোর্টটি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তোফায়েল মোস্তফা তার চাচাতো ভাই বলে দাবি করা হয়।

অন্যদিকে রনজিত সরকারের সভার ভিডিও প্রকাশের পর সিলেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার মধ্যরাতে নগরের গোপালটিলায় তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে। একই সময়ে সাবেক ছাত্রনেতা ও ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, জেলা যুবলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম এবং জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগও সামনে এসেছে। এসব ঘটনার পর পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে।

আরও সংবাদ