ভোলায় এনসিপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা


হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলটির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এনসিপির নেতারা।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ভোলা জেলা প্রেসক্লাবের সামনে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শুভ লক্ষণ নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতার মাধ্যমে তা মোকাবিলা করার প্রবণতা গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সব রাজনৈতিক দলের জন্য সমঅধিকারভিত্তিক ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাজনৈতিক সহিংসতা ও ভীতি প্রদর্শনের সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি নির্বিঘ্নে পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন এনসিপি ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. এবিএম নুরুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. মাকসুদুর রহমান, যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক, আল আমিন মামুন, যুগ্ম সদস্য সচিব সজিব চন্দ্র শংকর, যুব শক্তি ভোলা জেলা শাখার সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজ এবং যুব শক্তি ভোলা সদর উপজেলা শাখার আহ্বায়ক আতিউর রহমান। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরও সংবাদ