নাটোরে বাসের চাপায় নিহত ২
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারী চালিত অটোভ্যান চালক সাব্বির হোসেন ও ভ্যানের যাত্রী সাঈদ হোসেন নামে দুইজন নিহত হয়েছে। শনিবার দুপুরে নাটোরের বড়হরিশপুর বাইপাস এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন অটোভ্যান চালক নাটোর সদরের জয়নগর পূর্বপাড়া মহল্লার জমশেদ আলীর ছেলে সাব্বির হোসেন (২৩) এবং ভ্যানের যাত্রী সদরের বড়হরিশপুরের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে সাঈদ হোসেন (৪৫)।
স্থানিয়রা বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের যাত্রীবাহী একটি বাস শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় ব্যাটারী চালিত একটি অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক ও ভ্যানের যাত্রী মারা যান।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর শিশির পরিবহনের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। বাস চালক ও হেলপারকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
