সাতক্ষীরা মেডিকেল কলেজে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে আগুন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। হাসপাতালের গ্যারেজে অক্সিজেন সিলিন্ডারের পাশে থাকা অ্যাম্বুলেন্সটিতে আগুন লাগায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলেও ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ ফোম ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (৩ আগস্ট) রাত ১০টায় হাসপাতালের পশ্চিম পাশের গ্যারেজে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামান বলেন, গ্যারেজে রাখা অ্যাম্বুলেন্সটিতে আগুন জ্বলছিল। এর পাশেই বিভিন্ন আকারের একাধিক অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত ছিল। সিলিন্ডারের কারণে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং আগুনের তীব্রতা ও ধোঁয়ার ধরনও ভিন্ন ছিল।

তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় পানি ব্যবহার না করে বিশেষ ফোম ব্যবহার করা হয়। এতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে এবং সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, আগুনে একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ ৭১-৩০০), এর ভেতরে থাকা কিছু ব্যাটারি, কয়েকটি অক্সিজেন সিলিন্ডার এবং গ্যারেজ ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা গণমাধ্যমের ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

 

আরও সংবাদ