সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে গরু বিক্রি করতে আসা তিন ভারতীয়কে ফেরত দিল বিজিবি
গরু বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মা-ছেলেসহ তিন ভারতীয় নাগরিককে আটক করে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লালমনিরহাটের দিঘলটারি সীমান্তের ৯২৬ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্ত সূত্রে জানা গেছে, ভারতের জারিধল্লার দরিবস এলাকার বাসিন্দা হোসনে আরা বেগম (৪৬) একটি গরু ও দুটি বকনা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। কিছু সময় পর তাকে খুঁজতে তার ছেলে জাহিদ হাসান এবং স্থানীয় নাগরিক অর্জুন বর্মনও সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে আসেন।
খবর পেয়ে বিজিবি তাদের হেফাজতে নেয়। পরে বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে তিন ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, অনুপ্রবেশের বিষয়টি জানার পর বিজিবি দ্রুত পদক্ষেপ নেয় এবং নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে তিন ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
এশিয়াবিডি টোয়েন্টিফোর ডটকম
