২০৪১ সালে উন্নত দেশের কাতারে থাকবো আমরা : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০৪১ সালের মাঝে সারা বিশ্বের মধ্যে উন্নত দেশের কাতারে থাকবো আমরা।
বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আরো কিছু দিন বেঁচে থাকলে আজকে দেশের চেহারা এমন থাকতো না।’
সোনালী ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা অনেক ভালো কাজ করছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আপনাদের কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ‘খেলাপি ঋণ আদায়ে আপনাদের আরো বেশি সচেষ্ট হতে হবে। এবারের বাজেটে রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনা দেয়ার ফলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান বলেন, ‘অনেক সমালোচনার সম্মুখীন হয়েও নিরলসভাবে কাজ করছে সোনালী ব্যাংক। গত বছর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম ও সোনালী ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।
সূত্র : আনন্দবাজার
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

