বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশী যুবক আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম(২৫) নামে এক বাংলাদেশি যুবক পা বিছিন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে জারুলিয়াছড়ি ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী মিয়ানমারের অভ্যন্তরে গরবিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তি- নাইক্ষ্যংছড়ি জারুলিয়াছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মকতুল হোসেনের ছেলে আব্দুল করিম।
স্থানীয় ও বিজিবি জানিয়েছে, আব্দুল করিমসহ আরো তিনজন মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটলে যুবকের বাম পায়ের গোড়ালি উড়ে যায়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত আব্দুল করিমকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ভেতরে ঘটেছে। সেখানে একটি স্থলমাইনের বিস্ফোরণে ওই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সংস্থার সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন- ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে আমরা জেনেছি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন। সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
