সাংবাদিক পরিচয়ে সার ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

মনজু বিজয় চৌধুরী ও জাফর মুনশির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ।

মৌলভীবাজারের রাজনগরে সাংবাদিক পরিচয়ে এক সার ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া এবং পরে আবারও টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের গোবিন্দবাটি বাজারের পি.আর. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সার ব্যবসায়ী রতন লাল দাস সোমবার (৩১ আগস্ট) রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে মনজু বিজয় চৌধুরী ও জাফর মুনশির বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন হয়রানি ও টাকা আদায়ের অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী রতন লাল দাসের ভাষ্যমতে সার বিক্রিতে অনিয়মের অভিযোগ তুলে অভিযুক্ত দুজন তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাদের জানান, সার সংকটের সময় কয়েকদিন গ্রাহকদের চাহিদামতো সার দিতে না পারলেও তিনি অতিরিক্ত দামে সার বিক্রি করেননি এবং নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করে আসছেন।

রতন লাল দাসের অভিযোগ, একপর্যায়ে তার ব্যবসায়িক লাইসেন্স বাতিল ও প্রশাসনিক জটিলতায় ফেলার ভয় দেখিয়ে তার কাছে টাকা দাবি করা হয়। প্রথমে তিনি ৫ হাজার টাকা দিতে চাইলে তা নেওয়া হয়নি। পরে তার গোডাউনের ভেতরে গিয়ে তার কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তবে ওই টাকা দেওয়ার পরও হয়রানি বন্ধ হয়নি বলে অভিযোগ তার। রতন লাল দাস জানান, সম্প্রতি আবারও ফোন করে তার বিরুদ্ধে নতুন অভিযোগের কথা বলে টাকা দাবি করা হচ্ছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

তিনি বলেন, আমি নিয়ম মেনেই সার ব্যবসা পরিচালনা করছি। কৃষি বিভাগের নিয়মিত তদারকির মধ্যে আমাদের কার্যক্রম চলে। সার সংকটের সময় কিছুদিন চাহিদামতো সার দিতে পারিনি কিন্তু অতিরিক্ত দামে বিক্রি করিনি। আমি এই হয়রানিতে অতিষ্ঠ। সার বিক্রি করে যে সামান্য লাভ করি সেটাও যদি বারবার দিতে হয় তাহলে ব্যবসা করে কী লাভ?
রাজনগর থানার ভারপ্রাপ্ত ওসি এনামুল হক চৌধুরী থানায় এ বিষয়ে একটি অভিযোগ আসার ব্যাপারে নিশ্চিত করে বলেন যে তদন্ত করে যা পাওয়া যাবে সে অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এশিয়াবিডি২৪/ডেস্ক/মোজাহিদ/২৬

আরও সংবাদ