রাজনগরে আইনশৃঙ্খলার অবনতি এক রাত্রে ৪ স্থানে চুরি!

মৌলভীবাজারের রাজনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। উপজেলায় কোনো ভাবেই রোধ করা যাচ্ছে না চুরি। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক চুরির ঘটনায় জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে একই রাতে চুরির ঘটনা ঘটে। রাত আনুমানিক ১২টার দিকে রাজনগর আইডিয়াল স্কুল সংলগ্ন বাসায় চুরির ঘটনা ঘটে। ওই বাসায় বসবাস করেন তেলিজুরী গ্রামের ইমরান মিয়া ও রাজনগর প্রেসক্লাবের সদস্য মাছুম বকস মাহি। বাসার একটি জানালা দিয়ে চোরেরা প্রবেশ করে তিনটি আইফোন, স্বর্ণালংকার, ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

একই রাতে উপজেলার মজিদপুর গ্রামের খারবাড়ি থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটে। এর মধ্যে তুপু মিয়ার ২টি এবং সোহেল মিয়ার ১টি গরু রয়েছে। স্হানীয়রা জানান, গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র গোয়ালঘর থেকে গরুগুলো নিয়ে যায়। এর আগেও উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে দিনের বেলায় রাজনগর উপজেলা মসজিদের খতিবের খারপাড়াস্থ বাড়িতে, গতরাতে হরিনাচং বদরুল ইসলাম এর সদরঘাট পুলের পাশের দোকান এবং সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন চুরির ঘটনা ঘটে।

একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, রাতে পুলিশি টহল জোরদার না থাকায় চোরচক্র বেপরোয়া হয়ে উঠেছে।

এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “চুরির ঘটনাগুলোর খবর পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলছে। রাতে টহল আরও জোরদার করা হবে।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুরি রোধে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে নৈশপ্রহরা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

দ্রুত চুরির সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

আরও সংবাদ