বাংলাদেশে প্রবেশ করে সভা করার দাবি রঞ্জিতের

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশ করে ভারতের মেঘালয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে সভা করার দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। তবে সভার স্থান নিয়ে সিলেট ও সুনামগঞ্জের পুলিশ সুপারের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। অন্যদিকে, সীমান্তে এমন কোনো সভা হওয়ার তথ্য পায়নি বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে ৫ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন রনজিত সরকার। ভিডিওতে তাকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। তিনি দাবি করেন, রোববার সন্ধ্যায় ভারতের মেঘালয় হয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন।

ভিডিওতে দেখা যায়, সভার ব্যানার ধরে রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা।’ এতে অতিথি হিসেবে অ্যাডভোকেট রনজিত সরকারের নাম উল্লেখ করা হয়। আয়োজক হিসেবে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নাম দেওয়া হয়।

বক্তব্যে রনজিত সরকার ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গ্রেপ্তার ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণার কথা উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ছাত্রলীগের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ এবং ভবিষ্যতের দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দেন।

এদিকে, ভিডিওতে উপস্থিত কয়েকজনের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তারা রোববার সন্ধ্যায় সভায় উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করলেও সভার স্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেননি।

রনজিত সরকার মেসেঞ্জারে বলেন, ‘কোনো তথ্য জানাতে পারব না। সভা শেষে সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’ সভার স্থান জানতে চাইলে তিনি কল কেটে দেন। ছাত্রলীগ নেতা ওমর ফারুকও সভা হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও স্থান সম্পর্কে কিছু না বলে কল কেটে দেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক এই সংসদ সদস্য। মাঝখানে তিনি কিছুদিন যুক্তরাজ্যে ছিলেন বলেও জানা গেছে।

সভা নিয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, ‘সুনামগঞ্জের সীমান্ত এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তায় রয়েছে। ওই এলাকা দিয়ে রনজিত সরকার প্রবেশের কোনো সুযোগ নেই। ভিডিওতে তার নির্বাচনী এলাকার যেসব লোককে দেখা গেছে, তাদের সিলেট সীমান্তের কোনো একটি জায়গায় জড়ো করে এ কাজ করা হয়েছে।’

তবে ভিন্ন বক্তব্য দিয়েছেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। তার দাবি, সভাটি সিলেটের সীমান্ত এলাকায় হয়নি; বরং সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনো একটি স্থানে হয়েছে। সভায় উপস্থিত ব্যক্তিরাও সুনামগঞ্জের বাসিন্দা।

অন্যদিকে, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে এ ধরনের কোনো সভা হওয়ার তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সভার প্রকৃত স্থান এবং রনজিত সরকার কীভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন—তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

আরও সংবাদ