কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে পড়ে পারভেজ মিয়া (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

গতকাল (সোমবার দিবাগত রাত) ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

পুলিশ জানায়, রাতে একটি সিএনজি দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি টিম উদ্ধারকাজে রওনা দেয়। পথে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশের পিকআপ ভ্যানটির একটি চাকায় বাতাস কম থাকায় চালক সেটি সড়কের পাশে থামান।

এ সময় পেছন দিক থেকে আসা ধানের খোসাবোঝাই একটি ট্রাক অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পিকআপে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানটির চাকায় বাতাস দেওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটির ওপর উল্টে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় পারভেজ মিয়াকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও সংবাদ