পঞ্চগড়ের দেবীগঞ্জে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে করতোয়া নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে করতোয়া নদীতে ডুবে সাব্বির রহমান (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বালাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাব্বির রহমান একই এলাকার ছমেদ আলীর ছেলে। তিনি স্থানীয় মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে এলাকার ১৩ থেকে ১৪ জন কিশোর একসঙ্গে করতোয়া নদীতে গোসল করতে যায়। সবাই পর্যায়ক্রমে গোসল শেষে নদী থেকে উঠে এলেও সাব্বির আর ওপরে উঠতে পারেনি। বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গে থাকা অন্যরা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয় লোকজনও উদ্ধারকাজে অংশ নেন। প্রায় এক ঘণ্টা পর নদী থেকে তাকে উদ্ধার করা হয়।
গুরুতর অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত দেবীগঞ্জ থানার পরিদর্শক (ওসি) প্রবীর কুমার সরকার বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
