রাজনগর ও কমলগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বৃষ্টি চলাকালীন সময়ে এই মৃত্যুর ঘটনা দুটি ঘটে।
তাদের একজন ধান কাটতে গিয়ে এবং অন্যজন রাবার বাগানে কাজের সময় দুর্ঘটনার শিকার হন।
শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন তালেব মিয়া (৪০)।
বজ্রপাতের আঘাতে তার বুক ঝলসে যায়। তিনি উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।
অন্যদিকে শুক্রবার দুপুরে জেলার কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা বাগানের রাবার বাগানের সেকশনে কাজ করতে গিয়ে স্বপন মুন্ডা (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা।
এশিয়াবিডি/ফুয়াদ

