যুক্তরাজ্য প্রবাসী ছাত্রী সংস্থা নেত্রী মুন্নী’র বাড়িতে যুবদল ও ছাত্রদল সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও হত্যার হুমকি
যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা নেত্রী আয়েশা আক্তার মুন্নী’র বাড়িতে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা, ভাঙচুর ও হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন আয়েশা আক্তার মুন্নী’র পরিবারের সদস্যরা। ২২ এপ্রিল সকালে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে এমন অভিযোগ করেন মুন্নী’র বাবা আলমগীর হোসাইন ও মাতা সালমা বেগম।
জানা যায়, ২০ এপ্রিল রাত ১২.৪৫ মিনিটে শাহপরান থানার গইলাপাড়া এলাকায় মুন্নী’র ঘরে ডুকে অতর্কিত হামলা করেন যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় আয়েশা আক্তার মুন্নী’র বাবা আলমগীর হোসাইন ও মাতা সালমা বেগম গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় মুন্নী’র পরিবার সিলেট শাহপরান থানায় মামলা করতে গেলে যুবদল ও ছাত্রদল নেতারা এ হামলার সাথে জড়িত এ কথা শুনে পুলিশ মামলা নেয়নি। নানা অজুহাত দেখিয়ে তাদেরকে থানা থেকে বিদায় করে দেয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তারা আরও বলেন, আমার মেয়ে আয়েশা আক্তার মুন্নী দেশে থাকাবস্থায় সিলেট মুরারিচাঁদ কলেজের অনার্সে পড়াবস্থায় বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। তাদের প্রোগ্রামে নিয়মিত উপস্থিত হতো। এক পর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা এ কথা জানার পর তাদের নির্যাতন ও হুমকিতে দেশত্যাগ করতে বাধ্য হয়। সে যুক্তরাজ্য যাওয়ার পরেও প্রায় সময় সন্ত্রাসীরা আমাদের নানাভাবে হুমকি দিয়ে আসছে।
আয়েশা আক্তার মুন্নী’র বাবা-মা বলেন, যুবদল ও ছাত্রদলের নেতারা যেভাবে উত্তেজিত হয়েছে তারা যেকোনো সময় আমাদেরকে প্রাণে হত্যা করতে পারে। আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আয়েশা আক্তার মুন্নী’র ছোট ভাই মেহদি হাসান মাহি এবং সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

